১৩০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস সাইমনের, WTC টেব্লে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হার্মার। বৃহস্পতিবার প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। আর এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার এই সাফল্যে বড় অবদান রাখলেন ৩৭ বছর বয়সি সাইমন। দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট তুলে নেন তিনি। এর সঙ্গে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে ৫০ উইকেট নিলেন এই অফস্পিনার। শুধু তাই নয়, প্রায় ১৩০ বছরের এক পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।
কোন রেকর্ড গড়লেন সাইমন হার্মার?
টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে হার্মারের উইকেটসংখ্যা এখন ৫৩। ১৪টি ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। তাঁর বোলিং গড় মাত্র ১৪.০৯। টেস্টের দ্বিতীয় ইনিংসে অন্তত ৫০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে এটাই সর্বকালের সেরা গড়। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ববি পিলের দখলে। ১৮৮৪ থেকে ১৮৯৬ সালের মধ্যে টেস্ট ক্রিকেট খেলে দ্বিতীয় ইনিংসে ৫০ উইকেট নিইয়েছিলেন তিনিও। তবে তাঁর বোলিং গড় ছিল ১৪.২৫। সেই নজির ভেঙে ১৩০ বছর পরে নয়া ইতিহাস লিখলেন হার্মার।
৯ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা
ম্যাচের শেষ দিন সকালে ৫ উইকেটে ১০০ রান নিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। হার্মারের দুরন্ত বোলিংয়ে মাত্র ১৬৮ রানেই শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান এই অফ স্পিনার। জয়ের জন্য মাত্র ১২ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। এক উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।
WTC পয়েন্ট তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা
এই জয়ের ফলে চলতি WTC পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। আটটি ম্যাচের মধ্যে ছ'টিতে জিতেছে তারা। অধিনায়ক হিসেবে তেম্বা বাভুমার ১৬টি টেস্টে এটি ১৪তম জয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও অধিনায়কের এমন নজির নেই। তবে কাফ মাসলে চোট পাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বাভুমা।


