Advertisement

হার্দিককে নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, দায়িত্ব নিয়েই অ্যাকশন মোডে পোলার্ড

এই সময়

প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬

কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া,Ei Samay
কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া,Ei Samay

দলের হাল বদলের জন্য কোচিং স্টাফে আমূল বদল এনেছে মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘদিনের সঙ্গী কাইরন পোলার্ডের হাতে দলের হাল ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। পোলার্ডও দায়িত্ব নিয়ে একাধিক কড়া বার্তা দিয়েছেন। এ বার কাজও শুরু করে দিলেন। হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত নিতে তিনি আসরে নামলেন। রিপোর্টে প্রকাশ, হার্দিককে ট্রেড করা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই তাঁকে রেখে দেওয়ার ব্যাপারেও ভাবনাচিন্তা চলছে।

মুম্বইয়েই থাকছেন হার্দিক?

রিপোর্টে প্রকাশ, হার্দিক পান্ডিয়াকে ট্রেড করা নিয়ে আলোচনা বেশ জোরালো। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ৯০ শতাংশ সম্ভাবনা হার্দিক অন্য কোনও ফ্র্যাঞ্চাইজ়িতে পাড়ি দেবেন। তবে উপযুক্ত কোনও ট্রেড প্রস্তাব না মিললে হার্দিক হয়তো এক মরশুম মুম্বইয়েই থেকে যাবেন। সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক IPL সূত্র জানিয়েছে, ‘দল যদি কোনও উপযুক্ত ট্রেড না পায়, তিনি মুম্বইয়েই থেকে যাবেন এবং নিজের ১১০ থেকে ১২০ শতাংশ উজাড় করে দেবেন। সেখানে তিনি অধিনায়ক থাকলেন কি থাকলেন না, সেটা তখন গুরুত্বপূর্ণ হবে না। তবে ট্রেডের সমস্ত সিদ্ধান্ত মালিকপক্ষের হাতে।’ হার্দিক দলে থেকে গেলেও তিনি যে আর অধিনায়ক থাকছেন না, তা একপ্রকার নিশ্চিত বলে দাবি করেছে সেই সূত্র।

এর পর প্রশ্ন উঠছে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তা হলে কে হবেন? রোহিত শর্মার হাতেই ব্যাটন ফেরানো হবে? নাকি সূর্যকুমা যাদব বা তিলক বর্মাকে বেছে নেওয়া হবে।

মুম্বই ইন্ডিয়ান্সের একটি ম্যাচের ফাঁকে আলোচনায় কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া।

২০২৭ IPL-এ মাঝামাঝি সময়ে ৪০-এ পা দেবেন ‘হিটম্যান’। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তিনি যে ফিটনেস নিয়ে এগোচ্ছেন, তাতে এই IPL হয়তো মুম্বইয়ের নীল জার্সিতে তাঁর খেলোয়াড়ি জীবনের শেষ অধ্যায়। বিগত দুই মরশুমে মূলত তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছে। কিন্তু তিনি যদি ফের অধিনায়কত্ব পান, তবে মুম্বই অন্য কোনও বোলার বা ব্যাটারকে পরিস্থিতি অনুযায়ী ইমপ্যাক্ট হিসেবে নামানোর সুবিধা পাবে। সবচেয়ে বড় কথা, নতুন হেড কোচ কায়রন পোলার্ডের সঙ্গে রোহিতের রসায়ন ভালো।

মুম্বই ইন্ডিয়ান্সের একটি ম্যাচের ফাঁকে আলোচনায় কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া।

দীর্ঘস্থায়ী বিনিয়োগের জন্য পছন্দ তিলক?

অন্যদিকে দ্বিতীয় বিকল্প হলেন তরুণ তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের নিজস্ব স্কাউটিং থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটার ইতিমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন এবং চাপের মুখে নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করেছেন। ফ্র্যাঞ্চাইজ়ি তরুণ প্লেয়ারকে তৈরির দিকে ঝুঁকলে তিনি হতে পারেন সেরা বাছাই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৭ আইপিএলের পরই যেহেতু মেগা নিলাম এবং দল পুরোপুরি নতুন করে সাজানো হবে, তাই এখনই তিলকের ওপর চাপ না চাপিয়ে এক বছরের জন্য রোহিতকেই দায়িত্ব সামলাতে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। রোহিতের ছত্রছায়ায় তিলক তৈরি হবেন এবং মেগা নিলামের পর নিজের পছন্দের দল গুছিয়ে নিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন।

Lading . . .