টেস্টে নয়া রেকর্ড মুশফিকুর রহিমের, প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন এই নজির
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হয়েছে ড্র। তবে বাংলাদেশ সিরিজ় হারলেও নতুন নজির গড়লেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে ৭০০০ রানের মাইলস্টোন ছুঁলেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন ৩৮ বছর বয়সি অভিজ্ঞ ব্যাটার। চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। চোট সারিয়ে দ্বিতীয় ম্যাচে ফিরেই নয়া নজির গড়লেন।
বাংলাদেশ ক্রিকেটে নয়া নজির মুশফিকুর রহিমের
সোমবার সিলেটে ম্যাচের চতুর্থ ইনিংসে রস্টন চেজ়ের বলে সিঙ্গল নিয়ে টেস্টে ৭০০০ রান পূর্ণ করেন মুশফিকুর। লাঞ্চ ব্রেকের পরেই আসে এই ঐতিহাসিক মুহূর্ত। তবে এই মাইলফলক ছোঁয়ার পরেও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি মুশফিকুর। ড্রেসিংরুমে থাকা সতীর্থদের উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখে তিনি বোঝেন এই নজির গড়ার কথা।
এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫০০০ ও ৬০০০ রানের গণ্ডিও পেরিয়েছিলেন মুশফিকুর। ২০২২ সালে ৫০০০ এবং ২০২৪ সালে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এ বার গড়লেন নয়া নজির। টেস্ট ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক রানের তালিকায় মুশফিকুরের ধারেকাছে নেই কেউ।
মুশফিকুর রহিম: ১৯৭ ইনিংস, ৭০০০* রান
মমিনুল হক: ১৫২ ইনিংস, ৫২৯৩ রান
তামিম ইকবাল: ১৩৪ ইনিংস, ৫১৩৪ রান
সাকিব আল হাসান: ১৩০ ইনিংস, ৪৬০৯ রান
লিটন দাস: ১০২ ইনিংস, ৩৫৫৭ রান
২০০৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকুরের। চলতি সিলেট টেস্টটি তাঁর কেরিয়ারের ১০৭তম। এর ফলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার নজিরও রয়েছে তাঁর দখলে। কেরিয়ারের শুরুতে মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতেন তিনি। পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলেছেন দীর্ঘদিন।
চোট কাটিয়ে ফিরেই নজির
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে আঙুলের চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই গড়লেন নজির। ১২৩ বলে ৪৯ রানের লড়াকু ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। তৌহিদ হৃদয়ের সঙ্গে জুটিও গড়ে তোলেন। সিলেট টেস্টের শেষ দিনে ৩৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। তবে ৪ উইকেটে ১৮৪ রান তোলার পরে ম্যাচ ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই দলের অধিনায়ক।


