১ রানের জন্য ফসকে গেল ডাবল সেঞ্চুরি, বিধ্বংসী ইনিংসে নির্বাচকদের বার্তা পাডিক্কলের
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬

যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের ব্যর্থতার দিনে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটার দেবদত্ত পাডিক্কল। নিউ জ়িল্যান্ড A দলের বিরুদ্ধে ভারতের A-র হয়ে পাডিক্কল তিনে নেমে করলেন ১৯৯ রান। মাত্র ১ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করলেও তাঁর আউট হওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে বিতর্ক থাকলেও সিনিয়র প্লেয়ারদের ব্যর্থতার দিনে তাঁর ইনিংস ম্যানেজমেন্টকে স্বস্তিতে রাখবে।
একাধিক পার্টনারশিপ গড়েন পাডিক্কল
দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারত এ দলের স্কোর ছিল ২ উইকেটে ১০৬ রান। পাডিক্কল ৫৬ এবং সাই সুদর্শন ৩৯ রানে ক্রিজে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন সকালে নেমেই ব্ল্যাক ক্যাপসদের বোলারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে থাকেন এই দুই বাঁহাতি ব্যাটার। সুইং ও সিম মুভমেন্টকে নিখুঁত ব্যাকফুট পাঞ্চ ও জমাট ডিফেন্সে সামলে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান তিনি। তৃতীয় উইকেটে দু’জনের মধ্যে গড়ে ওঠে ২১৫ রানের পার্টনারশিপ। শতরানের দোড়গোড়ায় পৌঁছে মাত্র ৯ রানের আক্ষেপে ৯১ রানে সাই সুদর্শন ফিরলেও থামেননি পাডিক্কল।
এরপর যশ রাঠোরের সঙ্গে ফের জুটি বাঁধেন তিনি। চতুর্থ উইকেটে এই জুটি যোগ করে ১৪২ রান। রাঠোর ৬৬ রান করে আউট হলেও পাডিক্কল ক্রিজে টিকে থাকেন। কিন্তু ১৯৯ রানের মাথায় পেসার জ্যাক গিবসনের এক অফ-কাটার ডিফেন্স করতে গেলে বল কিপার মিচেল হে-র গ্লাভসে জমা পড়ে। নিউ জ়িল্যান্ড ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দেন। এই সিদ্ধান্তে হতভম্ব হয়ে যান পাডিক্কল। মাঠের মধ্যেই ব্যাট দেখিয়ে আম্পায়ারের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি; আকারে-ইঙ্গিতে স্পষ্ট বুঝিয়ে দেন বল ব্যাটে লাগেনি এবং ব্যাট ও বলের মাঝে ফাঁক ছিল। যেহেতু এটা আনঅফিসিয়াল টেস্ট তাই এখানে DRS নেই, ফলে পাডিক্কলকে মাঠ ছাড়তে হয়।
🚨 HEARTBREAK AT 199! 💔🤯
Devdutt Padikkal furious after a controversial umpiring decision ended his double-century dream just ONE run short! 😭💔 #DevduttPadikkal #Cricket
pic.twitter.com/V8JDkqmjwl
পাড্ডিকলের ১৯৯ রানে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট
পাড্ডিকলের এই ইনিংস ভারতীয় ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। আগামী ১৯ নভেম্বর থেকে নিউ জ়িল্যান্ডের মাটিতেই ভারতের সিনিয়র জাতীয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে। তার আগে লাল বলের ক্রিকেটে পাড্ডিকলের এই চোখধাঁধানো ফর্ম নির্বাচকদের কাজ সহজ করে দিল। গত অগস্টেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ১৬৭ ও ১১৭ রানের ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। এবার লিঙ্কনের প্রতিকূল কন্ডিশনে ১৯৯ রানের এই রাজকীয় ইনিংস প্রমাণ করে দিল—কিউয়ি পেসারদের চোখ রাঙানি সামলাতে তিনি তৈরি।


