Advertisement

‘অলৌকিক কিছু না ঘটলে...’, শুবমানদের WTC ফাইনালের আশা শেষ বলেই দাবি ভারতের প্রাক্তনীর

এই সময়

প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬

মারাত্মক চাপে রয়েছে টিম ইন্ডিয়া।,ছবি: BCCI
মারাত্মক চাপে রয়েছে টিম ইন্ডিয়া।,ছবি: BCCI

নিউ জ়িল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে ভারতীয় দল (Team India)। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজ়ার্ভে শুরু হয়েছে প্রথম টেস্ট। এর মধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ভারতের ওঠার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর (Wasim Jaffer)। তাঁর মতে, ফাইনালে ওঠার সুযোগ এখন খুবই কম। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের বড় রান করতে হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাকি সাতটি টেস্টের মধ্যে অন্তত ছ’টিতে জিততে হবে ভারতকে। ২০২৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ও রয়েছে। তার আগে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ় জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের পর থেকে নিউ জ়িল্যান্ডের মাটিতে আর টেস্ট সিরিজ় জিততে পারেনি ভারত।

ব্যাটারদের বড় রান করার পরামর্শ জাফরের

স্পোর্টসকিডাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওয়াসিম জাফর জানিয়েছেন, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে জেতা ভারতের পক্ষে সহজ হবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও খুবই কম। তাঁর মতে, ভারতের বোলিং বিভাগ ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তার জন্য ব্যাটারদের বড় রান করতে হবে।

জাফর বলেন, ‘ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা খুবই কম। কারণ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এই দুই টেস্ট জেতা সহজ হবে না। আমার মনে হয়, বিশেষ করে ব্যাটারদের ভালো খেলতে হবে। ওরা যদি বড় রান তুলতে পারে, তা হলে আমাদের বোলারদের ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু ব্যাটারদের শুরু থেকেই ছন্দে ফিরতে হবে। বড় রান করতে হবে।’

ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের টিম ইন্ডিয়ার ছবি।

ঘরের মাঠে হারের কারণ ব্যাখ্যা প্রাক্তন ওপেনারের

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হারের কথাও উল্লেখ করেছেন জাফর। তাঁর মতে, পরপর দু'টি সিরিজ়ে হোয়াইটওয়াশ হওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে। দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ এবং নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ় হেরেছিল ভারত। জাফরের মতে, ঘরের মাঠে অতিরিক্ত ঘূর্ণি উইকেট তৈরি করার কৌশলই ভারতের বিপক্ষে গিয়েছে।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে হারের ফলে আমাদের আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে। ঘরের মাঠে কী ভাবে খেলব, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। আমার মতে, এই ধরনের উইকেট তৈরি করে আমরা নিজেরাই প্রতিপক্ষকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দিই। বল ঘুরবে, এটা ঠিক। কিন্তু তৃতীয় বা চতুর্থ দিন থেকে বল ঘুরতে শুরু করা উচিত। প্রথম দিন থেকেই অতিরিক্ত ঘূর্ণি থাকলে আমাদের ব্যাটারদের উপরেও প্রচণ্ড চাপ তৈরি হয়।’

ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেছেন জাফর। তাঁর মতে, বিদেশি ক্রিকেটাররা ভারতে এসে স্পিনের বিরুদ্ধে ভালো খেলছেন। এমন কী ভারতীয় ব্যাটারদের তুলনায় বেশি আক্রমণাত্মক শটও খেলছেন তাঁরা। ফলে প্রতিপক্ষের স্পিনাররাও ম্যাচে প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছেন।

জাফরের দাবি, ‘আমার মনে হয়, ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার মানও আগের তুলনায় কমেছে। অনেক বিদেশি ক্রিকেটার ভারতে এসে খেলছেন। তাঁরাও এখন স্পিন খুব ভালো সামলাচ্ছেন। বরং আমাদের ব্যাটারদের তুলনায় বেশি আক্রমণাত্মক শট খেলছেন। তাঁদের দলের স্পিনাররাও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সুযোগ পাচ্ছেন।’

ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের টিম ইন্ডিয়ার ছবি।

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যাটাররা যখন স্পিন ভালো খেলতে পারছে না, তখন অকারণেই প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিচ্ছি। আমার মনে আছে, বিরাট কোহলি অধিনায়ক থাকার সময় ২০১৬-১৭ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা খুব ভালো উইকেটে খেলেছিলাম।’

ফাইনালে উঠতে অলৌকিক কিছু করতে হবে ভারতকে

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৫১.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জেতার পাশাপাশি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে সব ক'টিতে জিততে হবে শুবমান গিলদের। তাই ফাইনালে ওঠার জন্য ভারতকে কার্যত অলৌকিক কিছু করতে হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দু'টি সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। ২০১৯-২১ মরশুমে প্রথম ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে রানার্স হয়েছিল দল। এর পর ২০২১-২৩ মরশুমের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতকে। তবে গত সংস্করণে আর ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। এ বার সেই ব্যর্থতা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ।

Lading . . .