বিশ্বকাপের কথা ভেবে বড় সিদ্ধান্ত রোহিতের, এই টুর্নামেন্টে খেলবেন হিটম্যান
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬

পাখির চোখ ২০২৭ সালের ODI বিশ্বকাপ। তার আগে যতটা সম্ভব বেশি ম্যাচ খেলে প্রস্তুতি সারতে চাইছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ODI সিরিজ়েও ভারতীয় দলে রয়েছেন হিটম্যান। এর মাঝেই বিশ্বকাপের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিলেন রোহিত। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। একাধিক রিপোর্টে প্রকাশ, ঘরোয়া ক্রিকেটের এই ৫০ ওভারের টুর্নামেন্টে খেলার বিষয়ে ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন রোহিত।
বিজয় হাজারে ট্রফিতে খেলবেন রোহিত শর্মা
একাধিক রিপোর্টে প্রকাশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ODI সিরিজ় শেষ হওয়ার পরে মুম্বই দলের সঙ্গে যোগ দিতে পারেন রোহিত। ওই সিরিজ় চলবে ১৩ থেকে ১৯ ডিসেম্বর। অন্য দিকে, বিজয় হাজারে ট্রফির লিগ পর্ব শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ফলে ৩৮ বছর বয়সি রোহিত গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলিতে খেলতে পারবেন।
বিজয় হাজারে ট্রফির নকআউট পর্ব হওয়ার কথা ২ থেকে ৮ জানুয়ারি। MCA সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের পরে খেলতে পারবেন বলে জানিয়েছেন রোহিত। তবে কতগুলি ম্যাচে তাঁকে পাওয়া যাবে, তা পরে জানাবেন তিনি।
গত মরশুমে কেমন ছিল রোহিতের পারফরম্যান্স?
২০১৮ সালের পরে ২০২৫-এ প্রথম বিজয় হাজারে ট্রফিতে ফিরেছিলেন রোহিত শর্মা। গত মরশুমে মুম্বইয়ের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন তিনি। সিকিমের বিরুদ্ধে প্রথম ম্যাচেই খেলেছিলেন ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেননি পরের ম্যাচে। উত্তরাখণ্ডের বিরুদ্ধে শূন্য রানে ফিরতে হয়েছিল তাঁকে।
বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট
২০২৭ সালের ODI বিশ্বকাপের জন্য রোহিতের কাছে কিউয়িদের ও শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ODI সিরিজ় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই বড় ভূমিকা নেবে বিজয় হাজারে ট্রফি। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলার সুযোগ পেলে ৫০ ওভারের ফরম্যাটে নিজেকে আরও ঝালিয়ে নিতে পারবেন তিনি।


