Advertisement

গ্রুপটির দুই কোম্পানি বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড সম্মিলিতভাবে এই ব্যবসা করেছে। বছর শেষে কোম্পানি দুটির মুনাফা বেড়ে হয়েছে ১ হাজার ৪১৮ কোটি টাকা।

প্রথম আলো

প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬

গত অর্থবছরে প্রায় ২৪ হাজার কোটি টাকার রেকর্ড ব্যবসা করেছে বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রুপটির দুই কোম্পানি বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড সম্মিলিতভাবে এই ব্যবসা করেছে।

আজ বুধবার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫–২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সেই আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। সভা শেষে আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য গ্রুপটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিএসআরএমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছর শেষে গ্রুপটির তালিকাভুক্ত দুই কোম্পানি মিলে ২৩ হাজার ৯৪৪ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের ২০২৪–২৫ অর্থবছরে এই দুই কোম্পানি মিলে ব্যবসা করেছিল ২০ হাজার ৩১ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৩ হাজার ৯১৩ কোটি টাকার বা সাড়ে ১৯ শতাংশ। ব্যবসা বড় হওয়ার পাশাপাশি মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গত অর্থবছর শেষে বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড মিলে সম্মিলিতভাবে মুনাফা করেছে ১ হাজার ৪১৮ কোটি টাকা। তার আগের অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ১৩২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানি দুটির সম্মিলিত মুনাফা ২৮৬ কোটি টাকা বা ২৫ শতাংশের বেশি বেড়েছে।

বিএসআরএম গ্রুপ সূত্রে জানা যায়, গত অর্থবছর শেষে গ্রুপটির দুই কোম্পানি মিলে যে ব্যবসা করেছে, তা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। জানতে চাইলে গ্রুপটির উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, গত বছর আমাদের তৃতীয় ইউনিটটি পুরোদমে উৎপাদনে ছিল। তাতে উৎপাদন যেমন বেড়েছে তেমনি ব্যবসাও বড় হয়েছে। আবার অতীতের ধারাবাহিকতায় আমরা নানাভাবে ব্যবসার পরিচালন খরচ কমিয়েছি। সব মিলিয়ে তাই আমরা বছর শেষে রেকর্ড পরিমাণ ব্যবসার পাশাপাশি ভালো মুনাফা করেছি।

গত অর্থবছরে দুই কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে বিএসআরএম স্টিল। গত অর্থবছর কোম্পানিটি এককভাবে ১২ হাজার ৯৪৯ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের অর্থবছরে কোম্পানিটি ব্যবসা করেছিল ১০ হাজার ৩৬৭ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বিএসআরএম স্টিলের ব্যবসা বেড়েছে ২ হাজার ৫৮২ কোটি টাকা বা প্রায় ২৫ শতাংশ। এ ছাড়া গত অর্থবছরে বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড এককভাবে ব্যবসা করেছে ১০ হাজার ৯৯৫ কোটি টাকার। তার আগের ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটি ব্যবসা করেছিল ৯ হাজার ৬৬৪ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই কোম্পানিটির ব্যবসা বেড়েছে ১ হাজার ৩৩১ কোটি টাকার বা প্রায় ১৪ শতাংশ।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছর শেষে বিএসআরএম স্টিল এককভাবে মুনাফা করেছে ৭১৫ কোটি টাকা। তার আগের বছর কোম্পানিটি মুনাফা করেছিল ৫১৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এককভাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯৭ কোটি টাকা বা ৩৮ শতাংশের বেশি। এ ছাড়া গত অর্থবছরে বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়ে দাঁড়ায় ৭০৩ কোটি টাকায়। তার আগের অর্থবছরে কোম্পানিটি মুনাফা করেছিল ৬১৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৮৯ কোটি টাকা বা প্রায় সাড়ে ১৪ শতাংশ।

Lading . . .