Advertisement

ঋণ না দেওয়ায় ‘ব্যাংক লুটের’ পরিকল্পনা, রাতে ভল্টের তালা ভাঙতে গিয়ে ধরা পড়লেন

প্রথম আলো

প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি ব্যাংকের একটি শাখায় ভল্টের তালা ভাঙার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানায়ছবি : প্রথম আলো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি ব্যাংকের একটি শাখায় ভল্টের তালা ভাঙার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানায়ছবি : প্রথম আলো

দুই লাখ টাকা ঋণ পেতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের একটি শাখায় গিয়েছিলেন কাওসার আহমেদ নামের এক তরুণ। কিন্তু ঋণ না পেয়ে তিনি ‘ব্যাংক লুটের’ পরিকল্পনা করেন।

পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি কাওসার গতকাল বুধবার রাত সাড়ে তিনটার দিকে কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার শাখায় যান। ছুরির ভয় দেখিয়ে প্রথমে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন। এর পর ব্যাংকের ভল্ট (সুরক্ষিত যে জায়গায় টাকা রাখা হয়) পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। ভল্টের তালা ভাঙার সময় ধরা পড়েন তিনি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ব্যাংকের একজন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার কাওসার আহমেদ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার স্বীকার করেছেন, ব্যাংক থেকে ঋণ না দেওয়ায় ভল্টের তালা ভেঙে টাকা লুট করার পরিকল্পনা করেছিলেন।

ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (সাগর) বলেন, ‘গভীর রাতে গেটের তালা ভেঙে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাডাকি শুরু করেন। আমি তখন ঘুমিয়ে ছিলাম। টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চান। ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর ওই যুবক ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন।’

মাজহারুল ইসলাম আরও বলেন, হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় তিনি নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার শুরু করেন। এ সময় বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করেন।

নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় ওই যুবককে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি। ভল্টেরও কোনো ক্ষতি হয়নি।
ইকবাল হোসেন, ব্যবস্থাপক, কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখা

ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় শাখাটির কর্মকর্তা নাজমুল হক আজ বিকেলে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

শাখাটির ব্যবস্থাপক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় ওই যুবককে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি। ভল্টেরও কোনো ক্ষতি হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই যুবক ব্যাংকে কখনো ঋণের জন্য আসেননি।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা জানতে তাঁকে (কাওসার হোসেন) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
সাজ্জাদ রোমন, ওসি, ঈশ্বরগঞ্জ থানা

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, গ্রেপ্তার কাওসার পুলিশের কাছে জানিয়েছেন, তাঁর প্রায় দুই লাখ টাকা ঋণ আছে। কয়েক মাস আগে বিয়ে করার সময় এই ঋণ করেছিলেন। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়েছিলেন; তা না পেয়ে ভল্ট থেকে টাকা চুরির পরিকল্পনা করেন।

ওসি সাজ্জাদ রোমন আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Lading . . .