India vs Pakistan Live: পাকিস্তানকে ২-১ হারিয়ে সাফে খেতাব জয়ের হ্যাটট্রিক ভারতের
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬
খেলা শেষ, সাফে খেতাব জয়ের হ্যাটট্রিক ভারতের
খেলা শেষ। দশ জনের পাকিস্তানকে ২-১ হারিয়ে রেকর্ড দশম বারের জন্য SAFF চ্যাম্পিয়ন ভারত! সেই সঙ্গে এই টুর্নামেন্টে খেতাব জয়ের হ্যাটট্রিক করল তারা। আরও একবার দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দলের শিরোপা উঠল ভারতের হাতে।
৯০+৫ মিনিট: এ ভাবেও সুযোগ নষ্ট হয়!
অবিশ্বাস্য গোলের সুযোগ নষ্ট করলেন লুংডিম! পাকিস্তানের কর্নারের সময় ভারতের বক্সে উঠে এসেছিলেন তাদের গোলরক্ষকও। ফলে বলের দখল পেয়েই দু'বার টাচ করে কয়েক পা দৌড়তেই ফাঁকা গোলের সামনে পৌঁছে যান লুংডিম। সামনে তখন কার্যত কেউ ছিলেন না। কিন্তু দ্রুত পিছনে ফিরে এসে দুরন্ত ভাবে শরীর দিয়ে তাঁর শট আটকে দেন পাকিস্তানের এক ফুটবলার। সম্ভবত তিনি আবদুল শাহজাদ। অবিশ্বাস্য এই ব্লকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হলো ভারত!
৫ মিনিট ইনজুরি টাইম
খেলা ফল এখন ভারতের পক্ষে। ২-১ এগিয়ে তারা। ৫ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছে। এই পাঁচ মিনিট পাকিস্তানকে আটকে রাখতে পারলেই ইতিহাস লিখবে ভারত।
৮৮ মিনিট: গোওওওললল... ২-১ করলেন ভারতের সন্দীপ মান্ডি
ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করলেন সন্দীপ মান্ডি। কর্নার থেকে বল বাড়িয়েছিলেন আব্দুল রবিহ। সেই ক্রসে মাথা ছুঁইয়ে দেন ভারতীয় ডিফেন্ডার সন্দীপ মান্ডি। বল মাটিতে পড়ে বাউন্স খেয়ে ঢুকে যায় গোলে। গোল করেই জার্সি খুলে ছুটে যান কর্নার ফ্ল্যাগের দিকে। শেষ মুহূর্তের গোলে ভারতকে সম্ভাব্য জয়ের দরজায় পৌঁছে দিলেন মান্ডি!
৮৫ মিনিট: ফাউল করলেন সন্দীর মান্ডি
পাকিস্তানের বক্সের মধ্যে একের পর এক পাস খেলেই চলেছে ভারত। কিন্তু কেউই শট নেওয়ার সাহস দেখাচ্ছেন না। গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারছে না ব্লু টাইগার্সরা। নির্ধারিত সময় শেষ হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি।
৮৩ মিনিট: ফাউল করলেন সন্দীপ মান্ডি
আবদুল শাহজাদের সঙ্গে বলের লড়াইয়ে সন্দীপ মান্ডি বলটি ছিনিয়ে নিয়েছেন বলেই মনে হচ্ছিল। কিন্তু রেফারি খেলা থামিয়ে পাকিস্তানের পক্ষে ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন।
৭৭ মিনিট: দ্বিতীয় কুলিং ব্রেক
এই বিরতি কি ভারতের আক্রমণের গতি কমিয়ে দেবে? এ বার বরং এই বিরতির জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলবে পাকিস্তান। কারণ, বিরতির আগে পর্যন্ত ম্যাচে অনেকটাই দাপট দেখাচ্ছিল ভারত। বর্তমান পরিস্থিতিতে ভারতের দিকেই পাল্লা ভারী।
৭৪ মিনিট: ফিনিশিংয়ের অভাব ভারতের
ফ্রি-কিক পাচ্ছে, গোলের কাছে পৌঁছেও যাচ্ছে ভারত। তবু ফিনিশ করতে পারছে না। গোলের মুখে গিয়ে থমকে যাচ্ছে আক্রমণ। পাকিস্তান কিন্তু দশ জনে খেলছে, তবু ভারত নিজেদের দ্বিতীয় গোল করে উঠতে পারছে না।
৬৭ মিনিট: দুরন্ত সেভ পাক কিপারের
বুক দিয়ে দুরন্ত দক্ষতায় বল নামিয়ে বাঁ-পায়ে শট নেন বিষ্ণু। কিন্তু পাকিস্তানের গোলরক্ষক দ্রুত মাটিতে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকে দেন। দুরন্ত সেভে ভারতের এগিয়ে যাওয়ার সুযোগ আটকে দেন তিনি।
৬৫ মিনিট: মিস সুযোগ
মাঠের মাঝখানে প্রতিপক্ষের পা থেকে দারুণ ভাবে বল কেড়ে নেন ব্রাইসন। মাঝমাঠ দিয়ে দ্রুত এগিয়ে ডান দিকে সরে গিয়ে শট নেন তিনি। তবে তাঁর শট অনেকটা উপর দিয়ে বেরিয়ে যায়। কাজে লাগল না ভারতের আক্রমণ।
৬০ মিনিট: গোওওওললল... ১-১ করলেন সুহেল
ভারতের হয়ে সমতা ফেরালেন সুহেল ভাট। ডান দিক থেকে ক্রস বাড়ান লুংডিম। ম্যাকার্টন প্রথম বারের চেষ্টায় শট নিতে গিয়েছিলেন। কিন্তু তাঁর শট ঠিক মতো না হওয়ায় বল চলে আসে সুহেলের সামনে। সুযোগের সদ্ব্যবহার করে প্রথম বারের চেষ্টাতেই জোরালো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলের পর ক্রিস্তিয়ানো রোনাল্দোর বিখ্যাত ‘সিউ’ সেলিব্রেশন করেন সুহেল। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন ভারতীয় দলের সতীর্থরা। এ বার ম্যাচে ১-১।
৫৯ মিনিটে রেডকার্ড দেখেন পাকিস্তানের জুনেদ
ব্রিসন ফার্নান্ডেজকে পায়ে পাড়িয়ে দেন জুনেদ শাহ। ফলে তাঁকে সরাসরি লালকার্ড দেখানো হয়। ১০ জনে হয়ে গেল পাকিস্তান।
৫৩ মিনিট: গোলের জন্য মরিয়া ভারত
আবারও বাঁ-দিক ধরে আক্রমণে ভারত। বিষ্ণুর বাড়ানো ক্রসটিও বেশ ভালো ছিল। কিন্তু সুহেল ভাট একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেন। বলটি তাঁর কিছুটা পিছনে থাকায় ঠিক মতো শট নিতে পারেননি। শেষ পর্যন্ত বল চলে যায় পাকিস্তানের দখলে।
৫১ মিনিট: সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া ভারতের
বাঁ-দিক দিয়ে দুরন্ত থ্রু পাস বাড়ান নিকসন। বল পেয়ে কাছের পোস্ট লক্ষ্য করে শট নেন বিষ্ণু। পাকিস্তানের গোলরক্ষকের গায়ে লেগে বল পোস্টে আছড়ে পড়ে। সেখান থেকে আবার গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোল পায়নি ভারত। সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া!
৪৭ মিনিট: দ্বিতীয় গোলের কাছাকাছি পাকিস্তান
এ বার গোল করার সুযোগ পেয়েছিলেন ম্যাকেল আবদুল্লা। শট নেওয়ার সুযোগ থাকলেও ক্রস বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভারতীয় ফুটবলারের গায়ে লেগে আটকে যায় সেই ক্রস। দ্বিতীয়ার্ধের ভারতের গোলের সামনে ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে পাকিস্তান।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। ভারতের হয়ে মাঠে নামলেন ম্যাকার্টন নিকসন।
বিরতিতে পাকিস্তান ১-০ এগিয়ে
প্রথমার্ধের খেলা শেষ। বিরতিতে পাকিস্তান ১-০ এগিয়ে। মাঠে পাকিস্তান যে দাপট দেখিয়েছে, স্কোরলাইন তারই প্রতিফলন। দুই প্রান্ত ধরে বারবার আক্রমণ তুলে অবশেষে সাফল্য পেয়েছে তারা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে দুরন্ত শটে বল জালে জড়িয়ে পাকিস্তানকে এগিয়ে দেন গাজ়ি।
SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরতিতে ১-০ গোলে এগিয়ে পাকিস্তান। এই পরিস্থিতিতে বিরতির সময় চিন্তায় পড়বেন ভারতের কোচ নৌশাদ মুসা।
৪৫+১ মিনিট: ১-০ এগিয়ে গেল পাকিস্তান
অনেকক্ষণ ধরেই গোলের অপেক্ষায় ছিল পাকিস্তান। অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এগিয়ে গেল তারা। জুনেদ শাহের নিচু পাস খাইমিনথাং লুংডিমের পায়ে লেগে দিক পরিবর্তন করে। বল ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। বল পেয়ে একবার পা ছুঁইয়ে নিয়ে দুরন্ত শটে দূরের পোস্টের কোণ দিয়ে জালে বল জড়ান আলমগির গাজ়ি। কিছুই করার ছিল না ভারতের গোলকিপার অর্শ শেখের।
৩৭ মিনিট: ফ্রি-কিক পেল ভারত
ক্রস থেকে বল পেয়ে যান বিষ্ণু। প্রতিপক্ষের এক ফুটবলারের দু’পায়ের ফাঁক দিয়ে বল বের করে এগিয়ে যান তিনি। তাঁকে ফাউল করায় ফ্রি-কিক পায় ভারত। ছোট পাসে ফ্রি-কিক নিয়ে পাকিস্তানের গোলের দিকে আক্রমণ সাজানোর চেষ্টা করে ব্লু টাইগার্সরা। কুলিং ব্রেকের পর ভারতের খেলায় অনেকটাই উন্নতি হয়েছে। তবে প্রতিপক্ষের বক্সের কাছে পৌঁছেও গোল করতে পারছে না ভারত।
৩৪ মিনিট: বড় সুযোগ নষ্ট ভারতের
বক্সের বাইরে থেকে দুরন্ত হাফ-ভলি শট নেন অভিষেক সূর্যবংশী। জোরালো শটে বল জালে জড়ানোর মতোই ছিল। কিন্তু পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট অসাধারণ ক্ষিপ্রতায় ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকে দেন। দুরন্ত সেভে ভারতকে গোল পাওয়া থেকে আটকান তিনি।
২৮ মিনিট: কুলিং ব্রেক
এই বিরতিতে ভারতই বেশি স্বস্তি পাবে। প্রথমার্ধে ভারতকে কার্যত চাপে রেখেছে পাকিস্তান। মূলত দুই প্রান্ত ব্যবহার করে বারবার ভারতের বক্সে ক্রস তুলেছে তারা। একাধিকবার গোল করার মতো সুযোগও পেয়েছে পাকিস্তানের আক্রমণভাগ। কিন্তু কখনও গোলরক্ষকের দারুণ সেভ, কখনও ডিফেন্ডারদের শেষ মুহূর্তের ক্লিয়ারেন্সে কোনও রকমে গোল হজম করার হাত থেকে বেঁচেছে ভারত। খেলার এই ধারা বজায় থাকলে পাকিস্তানের গোল পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
২৬ মিনিট: ভারতের আক্রমণের ঝাঁজ নেই
আক্রমণে ভারত। পাকিস্তানের বক্সের খুব কাছেই প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে বলের লড়াইয়ে জিতে যান ব্রাইসন। ফ্রি-কিক পায় ভারত। ক্রস বাড়ান ব্রাইসন। ব্রাইসনের ক্রস ভারতীয় কোনও ফুটবলারের মাথায় পৌঁছয়নি। তবে পাকিস্তানের এক ফুটবলারের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়। অল্পের জন্য বল জালে জড়িয়ে যাচ্ছিল। কিন্তু গোলরক্ষক ইউসুফ বাটের বলের দিকে স্পষ্ট নজর ছিল। সহজেই বলটি ধরে নেন তিনি।
২২ মিনিট: দুরন্ত সেভ অর্শের
গোললাইন থেকে এক ভারতীয় ফুটবলার বল ক্লিয়ার করার পর ফের দুর্দান্ত সেভ অর্শ শেখের। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে ব্যস্ত রাখছে পাকিস্তান। বলের দখল থেকে আক্রমণ, সব ক্ষেত্রেই চাপে ভারত। প্রথমার্ধের অর্ধেক সময়ও কাটেনি। এখনও পর্যন্ত একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি ভারত।
১৮ মিনিট: প্রায় গোল করে ফেলেছিল পাকিস্তান
ম্যাচের ১৭ মিনিটে ভারতের গোলকিপার অর্শ শেখকে বক্সের বাইরে বেরিয়ে এসে হেড করে বল সরাতে হলো। গোল তখন প্রায় ফাঁকা। সেই সুযোগে বল উঁচু করে গোলে পাঠানোর চেষ্টা করেন আলি খান। কিন্তু দ্রুত ফিরে এসে এক ভারতীয় ফুটবলার বল আটকে দেন। কর্নার পেল পাকিস্তান।
এক মিনিটের মধ্যেই ডান দিক থেকে উঁচু করে বল বাড়ান পাকিস্তানের এক ফুটবলার। লাফিয়ে শূন্যে উঠে দারুণ কায়দায় সেই বলে পা ছোঁয়ান ম্যাকিল আবদুল্লা। কাছ থেকেই শট নেন তিনি। তবে ঝাঁপিয়ে পড়ে বল আটকে দেন ভারতের গোলকিপার অর্শ শেখ। অল্পের জন্য গোল হজম করার হাত থেকে বাঁচল ভারত। স্কোর ০-০।
১১ মিনিট: বড় বিপদ এড়াল ভারত
বলের দখল নিতে যান পাকিস্তানের ঈশা সুলেমান। তাঁর সঙ্গে বলের দখল নিতে লড়াইয়ে সুহেল ভাট। অল্পের জন্য বড় বিপদ এড়াল ভারত। শেষ পর্যন্ত বলের সামান্য স্পর্শ পেয়েছিলেন সুলেমান বলেই মনে হচ্ছে। তবে এই ঘটনায় VAR-এর সাহায্য নেননি রেফারি।
৬ মিনিট: কাউন্টার অ্য়াটাক পাকিস্তানের
বাঁ-দিকের উইং ধরে দ্রুত গতিতে এগিয়ে যান পাকিস্তানের মহম্মদ আলি খান। তাঁর প্রতিটি পদক্ষেপের সঙ্গে গ্যালারিতে বাড়তে থাকে সমর্থকদের চিৎকার। তবে পিছনে লেগে থেকে বল ক্লিয়ার করে দেন লুংডিম। কর্নার পেল পাকিস্তান।
৩ মিনিট: গোলের সুযোগ নষ্ট ভারতের
বাঁ দিক দিয়ে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন সুহেল ভাট। প্রথম ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে শট নেন তিনি। কিন্তু বলে ঠিক মতো পা লাগাতে পারেননি। ফলে তাঁর শট অনেকটা উপর দিয়ে বারের পিছনে চলে যায়। গোলের সুযোগ নষ্ট ভারতের।
১ মিনিট: শুরুতেই ভারতের আক্রমণ
ম্যাচ শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ব্যাক পাস থেকে বল কেড়ে নিয়ে গোলের সুযোগ তৈরি করতে যাচ্ছিলেন সুহেল ভাট। তবে শেষ মুহূর্তে শান্ত মাথায় বল ক্লিয়ার করে বিপদ সামাল দেন পাকিস্তানের গোলকিপার।
খেলা শুরু
খেলা শুরু হয়ে গেল। কে জিতবে এই ম্যাচ? ইতিহাস লিখবে কারা? ভারত না পাকিস্তান, শেষ হাসি হাসবে কারা?
পাকিস্তানের একাদশ
ইউসুফ বাট (গোলকিপার), আবদুল্লা ইকবাল (অধিনায়ক), মোহিব উল্লাহ, ঈশা সুলেমন, আবদুল শাহজাদ, আলমগির গাজ়ি, মহম্মদ আলি খান, ম্যাকিল আবদুল্লা, জুনেদ শাহ, হ্যারিস জ়েব ও আদিল নবি।
ভারতের ছক
ব্লু টাইগার্সের সম্ভাব্য ছক ৪-২-৩-১। আক্রমণভাগে একেবারে সামনে থাকবেন মোহনবাগানের ফুটবলার সুহেল ভাট। তাঁর পিছনে আক্রমণাত্মক মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কিপগেন, ব্রিসন ও বিষ্ণু।
ভারতের একাদশ
অর্শ শেখ (গোলকিপার), সানা সিং, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট, পিভি বিষ্ণু, খাইমিনথাং লুংডিম, রিকি শাবং, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, সন্দীপ মান্ডি ও ব্রিসন ফার্নান্ডেজ়।
পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত
ভারত-পাকিস্তান মোট ম্যাচ খেলেছে ৩০টি। ভারত জিতেছে ১৭টি ম্যাচ। পাকিস্তান জয় পেয়েছে ৪টিতে। কোনও ফলাফল হয়নি ৯টি ম্যাচে।
কোথায় দেখা যাবে এই ম্যাচ?
ভারত-পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল সরাসরি দেখা যাবে Veto অ্যাপে।
কখন শুরু হবে ফাইনাল?
মঙ্গলবার, ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ফাইনাল শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিটে। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে ম্যাচ।
প্রথম বার ফাইনালে পাকিস্তান
প্রথম বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। এর আগে চার বার সেমিফাইনালে উঠলেও ফাইনালে পৌঁছতে পারেনি তারা। ২০১৮ সালে শেষ বার শেষ চারে উঠেছিল পাকিস্তান। এ বার শনিবার সেমিফাইনালে আয়োজক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে তারা।
পাকিস্তানের প্লাস পয়েন্ট, ভারতের চাপ
ইতিমধ্যেই পাকিস্তান টিমে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে, এমন পাঁচজন প্রবাসী ফুটবলারকে দলে নিয়েছে তারা। গোলরক্ষক ইউসুফ বাট খেলেন ডেনমার্কের তৃতীয় ডিভিশনের একটি ক্লাবে। এ ছাড়াও অধিনায়ক আবদুল্লা ইকবাল, মাঝমাঠের আদিল নবি এবং আক্রমণভাগের আবদুল সামাদ ও মিকেল আবদুল্লার অন্তর্ভুক্তি শক্তি বাড়িয়েছে পাকিস্তানের। এই আবদুল সামাদ শেহজাদের গোলেই সেমিফাইনালে আয়োজক বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।
অন্য দিকে, প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জার্সিতে খেলা দুই গুরুত্বপূর্ণ ফুটবলার বিজয় ভার্গিস ও মহম্মদ সুহেলকে নিউ জ়িল্যান্ড সফরে সিনিয়র দলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে ফাইনালে প্রথম ম্যাচের সম্পূর্ণ দল পাচ্ছেন না কোচ নৌশাদ মুসা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিনিয়র দলের ফিফা ফ্রেন্ডলি শেষ হয়ে গেলেও সেখান থেকে সাফ ফাইনালের জন্য আর কোনও ফুটবলারকে ফেরানো হয়নি। ফলে এই দুই ফুটবলারকে ছাড়াই ফাইনালের পরিকল্পনা সাজাতে হচ্ছে ভারতীয় কোচকে।
হ্যাটট্রিকের সামনে ভারত
আজ ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারলেই সাফের খেতাব জয়ের হ্যাটট্রিক করে নতুন নজির গড়বে ভারত। এ বারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ব্লু টাইগার্সরা। তবে সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করার খুব বেশি সময় পায়নি ভারতীয় দল। কিন্তু ফাইনালের আগে অনেকটাই গুছিয়ে নিয়েছে নিজেদের। পাশাপাশি খেতাব জয়ের তাগিদ এখন তুঙ্গে।
গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচের রেজাল্ট কী?
গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েই অভিযান শুরু করেছিল সুহেল ভাটরা। তবে ফাইনালের লড়াইয়ে নামার আগে সেই জয়কে আর গুরুত্ব দিতে নারাজ ভারতের কোচ নৌশাদ মুসা। তাঁর কাছে আগের ফল নয়, বরং ফাইনালের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাফের খেতাবের লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান
আবারও ফুটবলের ময়দানে ভারত-পাকিস্তান দ্বৈরথ! মঙ্গলবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারতের সামনে হাতছানি ১০ নম্বর সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নতুন ইতিহাস লেখার। এ বার পাকিস্তানকে হারিয়ে সেই লক্ষ্য পূরণের পথেই এগোতে চাইবে ভারত।


