AFC-তে ইস্টবেঙ্গলের টিকে থাকার লড়াই, আল হুসেইন ম্যাচের আগে কী বার্তা হাবাসের?
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬

AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এ নক-আউটে যেতে হলে জিততেই হবে। ড্র করলেই আশা শেষ। এই সহজ সমীকরণটা মাথায় রেখেই মঙ্গলবার জর্ডানের ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে ঘরের মাঠ যুবভারতীতে ফিরতি লেগের ম্যাচে আর সুযোগ হাতছাড়া করতে রাজি নন ইস্টবেঙ্গলের কোচ আন্তোনিও লোপেজ় হাবাস। চোটের জন্য নেই এডমুন্ড লালরিনডিকা, আনোয়ার আলিরা। তবে সীমিত সামর্থ্য নিয়েও লড়াইয়ের বার্তা দিলেন ইস্টবেঙ্গলের কোচ। বরং সমর্থকদের কাছে অনুরোধ রাখলেন মাঠ ভরানোর। প্রথম একাদশ নিয়ে কী জানালেন হাবাস?
সমীকরণ নয়, লক্ষ্য শুধুই জয়
প্রথম লেগে আল-হুসেইনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ‘ডু অর ডাই’ ম্যাচের আগে কোচ হাবাস স্পষ্ট জানিয়ে দেন, ‘মঙ্গলবার পয়েন্ট না পেলে AFC-র পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ঘরের মাঠে খেলা আমাদের জন্য বড় সুবিধা, আর এর জন্য সমর্থকদের পূর্ণ সমর্থন প্রয়োজন।’
এই ম্যাচের পরেই রবিবার ISL-এ মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল। তবে এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ হাবাস। বললেন ACL-র এই ম্যাচে ভালো ফল করলে সেটাই ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়াবে প্লেয়ারদের। তাই রশিদদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, ‘পয়েন্ট টেব্ল বা কঠিন সমীকরণ নিয়ে মাথা না ঘামিয়ে ৯০ মিনিটের খেলার দিকে পুরো মনোযোগ দিতে হবে।’
নেই এডমুন্ড-আনোয়ার, প্রথম একাদশে কারা?
ইস্টবেঙ্গলের ডিফেন্সে আনোয়ার আলি এবং অ্যাটাকে এডমুন্ডের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে এই নিয়ে আক্ষেপ করতে রাজি নন কোচ। তাঁর বিশ্বাস, দুই প্লেয়ারের অভাব ঢাকতে এবং ম্যাচের জন্য স্কোয়াডের বাকিরা পুরোপুরি প্রস্তুত। অনুশীলনে ইঙ্গিত পাওয়া গেল ডিফেন্সে খেলতে পারেন সন্দীপ মান্ডি ও জিভুলিচ। আক্রমণে ডেভিডের সঙ্গে আকে লোবার খেলাও কার্যত নিশ্চিত।
গোল হজম নিয়ে ভাবতে নারাজ হাবাস
শেষ চার ম্যাচে মোট ৯টি গোল হজম করেছে ইস্টবেঙ্গল। তবে এই পরিসংখ্যান ও রক্ষণ নিয়ে ভাবতে নারাজ হাবাস। বললেন, ‘এর মধ্যে শুধু চেন্নাইয়িন ম্যাচে পাঁচ গোল খেয়েছিলাম। তবে সে দিন রেফারিং খুবই বাজে হয়েছিল। আমাদের দু’টি ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। এর পাশাপাশি AFC ও ISL-এ ম্যাচ একসঙ্গে পড়ায় সমস্যা হচ্ছে। সপ্তাহে মাত্র একদিন অনুশীলন করে দলের ভুল-ত্রুটি শোধরানো বা প্ল্যানিংয়ের সুযোগ পাচ্ছি না।’
তবে হাবাসের সঙ্গে সাংবাদিক বৈঠকে আসা স্ট্রাইকার আকে লোবার গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। ইস্টবেঙ্গলের হয়ে ১৫০ মিনিট খেলেই চার গোল করে ফেলেছেন তিনি। জানালেন, আল হুসেইনের বিরুদ্ধেও জ্বলে উঠতে তৈরি। এখন দেখার ঘরের মাঠে জিতে ACL ২-এর প্লে-অফে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে কি না ইস্টবেঙ্গল।


