Advertisement

প্রতিপক্ষ ফুটবলারের চুলের মুঠি ধরে টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস, এল ক্লাসিকো মিস?

এই সময়

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬

ভিনিসিয়াস কি এল ক্লাসিকো মিস করতে চলেছেন?,গ্রাফিক্স: রাতুল মণ্ডল
ভিনিসিয়াস কি এল ক্লাসিকো মিস করতে চলেছেন?,গ্রাফিক্স: রাতুল মণ্ডল

লা লিগায় ভিয়ারিয়ালের (Villarreal CF) বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। কিন্তু ম্যাচের শেষে আলোচনার কেন্দ্রে দলের জয় নয়, ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Junior) লাল কার্ড। প্রতিপক্ষের ফুটবলারের চুল টানার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজ়িলের তারকাকে। ম্যাচের পর সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। উল্টে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় (El Clasico) তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শাস্তির মুখে পড়তে পারেন ভিনিসিয়াস। তার উপর চলতি মরশুমে তাঁর পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারছে না।

গোল বাতিল, লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ভিনিসিয়াস

শনিবার ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচের ৫২ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন ভিনিসিয়াস। তার আগে ইয়ান দিওমান্দের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। মাঠে নেমে ব্যবধান বাড়িয়েছেন বলে ভেবেছিলেন ব্রাজ়িলের তারকা। কিন্তু গোলের আগে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টানার ঘটনা নজরে আসে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR)। ভিডিয়ো দেখে গোল বাতিল করেন রেফারি ইসিদ্রো দিয়াজ় দে মেরা। সেই সঙ্গে ভিনিসিয়াসকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তিনি।

💥 | Diaz de Mera Escuderos acude a la pantalla del VAR en el Santiago Bernabéu. ⚪️🇪🇸 📌 Vinicius Junior le tira del pelo a Nathan Saliba sin disputar el balón, ES ROJA Y NO ES GOL ✅ Acierto del conjunto arbitral 🏟️ Real Madrid - Villarreal https://t.co/kLzNsU1eOr

ভিয়ারিয়ালের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচে ভিনিসিয়াসের লাল কার্ড দেখার মুহূর্তের ছবির কোলাজ।

ম্যাচের পর ইনস্টাগ্রামে নিজের আচরণের জন্য সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান ভিনিসিয়াস। তিনি লেখেন, ‘জয়ের আনন্দ চলছেই... তবে আমার দল ও সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।’ ক্ষমা চাইলেও বিতর্ক থেকে রেহাই পাননি ব্রাজ়িলের তারকা। পরে নিজের বিরুদ্ধে বারবার ফাউল এবং কার্ড দেখানোর অভিযোগ তুলে একটি সমর্থক গোষ্ঠীর তৈরি ভিডিয়োও ভাগ করে নেন তিনি। ফলে তাঁর আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

গোলের খরাও ভাবাচ্ছে রিয়ালকে

শুধু লাল কার্ড নয়, চলতি মরশুমে ভিনিসিয়াসের পারফরম্যান্সও রিয়াল মাদ্রিদের চিন্তা বাড়াচ্ছে। ভিয়ারিয়ালের বিরুদ্ধে এই মরশুমে প্রথম বার তাঁকে প্রথম একাদশে রাখেননি কোচ। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তাঁকে আগেভাগে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ন’টি ম্যাচে মাত্র একটি গোল করেছেন তিনি। ব্রাজ়িলের জার্সিতেও সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ভিনিসিয়াস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জেতা ম্যাচে পেনাল্টি থেকে গোল পেয়েছিলেন তিনি। সেই ম্যাচের পর জাতীয় দলের হয়ে দীর্ঘ দিন গোল না পাওয়ার হতাশার কথাও স্বীকার করেছিলেন। ভিনিসিয়াস বলেছিলেন, ‘জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে খেলেও গোল করতে পারিনি। আবার গোল করার গুরুত্বটা আমি বুঝতে পারছিলাম।’

ভিয়ারিয়ালের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচে ভিনিসিয়াসের লাল কার্ড দেখার মুহূর্তের ছবির কোলাজ।

কলকাতায় ভারতের বিরুদ্ধে ব্রাজ়িল ৪-০ গোলে জিতলেও নজর কাড়তে পারেননি ভিনিসিয়াস। ভারতের রক্ষণভাগের খেলোয়াড়েরা উঁচু লাইনে দাঁড়িয়ে রক্ষণ করায় বারবার অফসাইডে পড়েন তিনি। ফলে নিজের গতি কাজে লাগিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে ফেলতে পারেননি। তাঁর দক্ষতা নিয়ে সন্দেহ নেই, কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলিতে সেই চেনা ছন্দ ও আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট।

এল ক্লাসিকোয় অনিশ্চিত ভিনিসিয়াস

স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, চুল টানার মতো ঘটনাকে হিংসাত্মক আচরণ হিসেবে দেখা হতে পারে। এই অপরাধে এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নির্বাসনের শাস্তি হতে পারে, যদি কেউ চোট না পান। ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকোয় ভিনিসিয়াস খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শৃঙ্খলারক্ষা কমিটি। এ দিকে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়াসকে না পেলে বড় ধাক্কা খাবে রিয়াল মাদ্রিদ। তবে তাঁর সামনে শুধু শাস্তির আশঙ্কাই নয়, নিজের ফর্ম ফিরে পাওয়ার চ্যালেঞ্জও রয়েছে। মাঠের বাইরের বিতর্ক সরিয়ে গোল করে দলকে সাহায্য করাই এখন ব্রাজ়িল তারকার প্রধান লক্ষ্য।

Lading . . .