অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ: ফ্রান্সের বিরুদ্ধে খেলতে পারে ভারত
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬
এই সময়: রজার মিল্লার দেশ ক্যামেরুনের বিরুদ্ধে খেলার পরে এ বার ফিফার অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ভারতকে খেলতে হতে পারে ফ্রান্সের বিরুদ্ধে। গ্রুপ পর্বে ক্যামেরুন সহ লাওস, বাহরিনকে হারালেও গ্রেনাদার সঙ্গে ৩–৩ ড্র ও সেনেগালের কাছে ১–৬ হারের ফলে ভারত ছিটকে গিয়েছে চ্যাম্পিয়ন্স রাউন্ড থেকে।
তবে গ্রুপে তৃতীয় হওয়ার সুবাদে বিবিয়ানো ফের্নান্দেসের টিম এখন খেলবে টায়ার ‘সি’তে। ১৮৯ দেশের এই টুর্নামেন্টে ‘সি’ টায়ারে খেলার অর্থ ৬৫ থেকে ৯৬তম স্থানের জন্য লড়াই। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের সিনিয়র টিম ১৩৮ নম্বরে থাকলেও এই টুর্নামেন্টে ভারতের প্রথম একশো নম্বরে থাকা তাই এখনই পাকা হয়ে গিয়েছে।
আজ বুধবার থেকে শুরু হচ্ছে টায়ার ‘সি’র লড়াই। প্রথম ম্যাচে ভারতের প্রতিদ্বন্দ্বী হন্ডুরাস। জিতলে খেলতে হবে ফ্রান্স বনাম ত্রিনিদাদ–টোবাগোর জয়ী টিমের বিরুদ্ধে। এই দুই ম্যাচ জিতলেই ভারত ৮০ নম্বরের মধ্যে ঢুকে যাবে।
এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের কোচ বিবিয়ানো বলেছেন, ‘এই টুর্নামেন্ট শুধু ছেলেদের কাছে নয়, আমাদের সামনেও বিশ্ব ফুটবলের দরজা খুলে দিল। অনেক কিছু আমরা শিখেছি। আরও শিখব পরের রাউন্ডগুলোতে।’
তিনি যোগ করেছেন, ‘আমার ছেলেরা গ্রুপ লিগে দারুণ ভালো খেলেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮ নম্বর সেনেগাল ছাড়া আমরা বাকি কোনও ম্যাচে হারিনি। এই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়েও পরের ম্যাচগুলোতে ছেলেরা আরও ভালো খেলার চেষ্টা চালাবে।’


