Advertisement

পাকিস্তান-বধের নায়ক বাংলার সন্দীপ, ইস্টবেঙ্গল তারকাকে চাকরির আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

এই সময়

প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬

পাকিস্তান-বধের নায়ক বাংলার সন্দীপ মান্ডি,ছবি: ইন্সটাগ্রাম
পাকিস্তান-বধের নায়ক বাংলার সন্দীপ মান্ডি,ছবি: ইন্সটাগ্রাম

কল্যাণী থেকে যাত্রা শুরু। ছোট থেকেই চলেছে লড়াই। আর্থিক প্রতিকূলতা-সহ অন্যান্য চ্যালেঞ্জ পেরিয়ে ইস্টবেঙ্গলের হয়ে নিজেকে প্রমাণ করেছেন সন্দীপ মান্ডি। থেমে থাকেননি সেখানেই। মঙ্গলবার রাতে হয়ে ওঠেন ভারতের জয়ের নায়ক। ২০২৬ সালের SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ফুটবল দল। আর জয়সূচক গোলটি এসেছে বঙ্গসন্তানের হেড থেকেই। সন্দীপকে নিয়ে তাই চর্চা চলছে বাংলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এ বার সন্দীপের চাকরি পাওয়া নিয়ে আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ নিজেই। ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডারের বাবার সঙ্গে কথাও বললেন তিনি। কী জানালেন ক্রীড়ামন্ত্রী?

ভারতের হয়ে গোলের পরে (বাঁ দিকে) এবং ট্রফি নিয়ে (ডান দিকে) সন্দীপ মান্ডি

সন্দীপের বাবার সঙ্গে কথা ক্রীড়ামন্ত্রীর

সন্দীপ মান্ডির বাবার সঙ্গে কথা বলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ম্যাচ নিয়ে কথার সময়ে উঠে আসে দ্বিতীয়ার্ধে ভারতের কামব্যাকের প্রসঙ্গ। সন্দীপের বাবা বলছিলেন, ‘অন্য ম্যাচে প্রথম থেকে বিপক্ষকে ডমিনেট করে খেলে ভারত। ফাইনালে উল্টো হয়েছে। প্রথমার্ধে পাকিস্তান ভালো খেলছিল। সেকেন্ড হাফে কামব্যাক করেছে ভারতীয় দল।’ ছেলে জয়সূচক গোল করায় স্বভাবতই খুশি তিনি।

ইন্দ্রনীলও মনে করিয়ে দিলেন, ক্রিকেট হোক বা ফুটবল, ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব বরাবরই আলাদা। তাই এই ম্যাচে গোল অবশ্যই কৃতিত্বের। সন্দীপের ভবিষ্যতের কথা ভেবে বললেন, ‘ওর বয়স অনেকটাই কম। এখনও অনেকটা পথ যেতে হবে। অভিজ্ঞতা বাড়িয়ে খেলা চালিয়ে যেতে হবে।’ তাই ধৈর্য ধরার পরামর্শ দিলেন।

ভারতের হয়ে গোলের পরে (বাঁ দিকে) এবং ট্রফি নিয়ে (ডান দিকে) সন্দীপ মান্ডি

A post shared by Sandip Mandi (@sandip.mandi)

সন্দীপকে চাকরির আশ্বাস ইন্দ্রনীলের

এর মধ্যেই ক্রীড়ামন্ত্রীর কাছে সন্দীপের চাকরির জন্য অনুরোধ জানালেন তাঁর বাবা। ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন সন্দীপ। কলকাতা লিগে নিয়মিত খেলার পরে ISL-এর স্কোয়াডেও সুযোগ পেয়েছেন তিনি। ডিফেন্সে ভারতীয় ফুটবলারদের মধ্যে নিজের জায়গা করে নেওয়ার জন্য লড়ছেন তিনি।

ভারতের হয়ে গোলের পরে (বাঁ দিকে) এবং ট্রফি নিয়ে (ডান দিকে) সন্দীপ মান্ডি

তবে ছেলের স্থায়ী চাকরির জন্য আর্তি জানালেন সন্দীপের বাবা। বললেন, ‘চাকরির বিষয়ে কিছু ব্যবস্থা হলে ভালো হয়। ও তো এখনও কোনও চাকরি করে না। তাই খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি কোনও চাকরি করলে ভালো হতো।’

শুনে আশ্বাস দিয়েছেন ইন্দ্রনীল। জানালেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এই নিয়ে খোঁজ নেবেন তিনি এবং কোনও ব্যবস্থা হলে, পরে বিশদে জানাবেন। ক্রীড়ামন্ত্রীর এই বক্তব্যে হাসি ফোটে সন্দীপের বাবার মুখে। বুধবার কলকাতায় ফেরার কথা সন্দীপের।

Lading . . .