প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সময় : আইএফএ শিল্ডের সেমিফাইনাল খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে মোহনবাগানের। আজ মঙ্গলবার ঘরের মাঠে সবুজ মেরুন ব্রিগেড নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে গ্রুপ শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে। তিন টিমের গ্রুপে গোলের গড়ে নর্থইস্টের থেকে এগিয়ে আছেন ম্যাকলারেনরা।
ফলে আলেদিন আজ়েরাইদের নর্থইস্টের বিরুদ্ধে ড্র করলেও শীর্ষেই থাকবে মোহনবাগান। তবে বাগান কোচ পানোস ম্যাচটাকে কোনওভাবেই হাল্কা করে নিচ্ছেন না। শিল্ডে তাঁর ৬ বিদেশিকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে আইএসএলের প্রথম একাদশে ৪ বিদেশি কম্বিনেশন দেখে নিতে চাইছেন বাগান কোচ।
পাঁচ বিদেশিকে তিনি আগের শ্রীনিধি ম্যাচেই দেখে নিয়েছেন। চোট থাকায় ওই ম্যাচে খেলেননি বসনিয়ার মিডফিল্ডার সামির জ়েলকোভিচ। এখন তিনি ফিট। ফলে মঙ্গলবার তিনি শুরু থেকেই নামতে পারেন। তিনি খেললে টিমের ডিফেন্সিভ মিডফিল্ডারের যে অভাবটা দেখা যাচ্ছিল, সেটা কমতে পারে।
পাশাপাশি হাইল্যান্ডার্সদের সেরা অস্ত্র আলাদিনকে সামলানোটাও সহজ হবে। শ্রীনিধি ম্যাচে পরে নেমে নজর কেড়েছিলেন নয়া স্কটিশ স্ট্রাইকার লি এরউইন। এ দিন শুরু থেকেই তিনি নামতে পারেন।
এ দিকে শিল্ডের দুটো সেমিফাইনাল ৫ অক্টোবর আর ফাইনাল ৮ অক্টোবর করার পরিকল্পনা রয়েছে আইএফএ–র।


