Advertisement

এশীয় মঞ্চের পর ঘরোয়া লিগেও ইস্টবেঙ্গলের দাপট, ফাজ়িলার গোলে গোকুলমকে হারাল লাল-হলুদ

এই সময়

প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬

গোকুলমকে ১-০ হারাল ইস্টবেঙ্গল।,ছবি: East Bengal
গোকুলমকে ১-০ হারাল ইস্টবেঙ্গল।,ছবি: East Bengal

এশীয় মঞ্চে ইতিহাস গড়ার পর ঘরোয়া ফুটবলেও জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)। AFC মহিলা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে আগেই নজর কেড়েছেন লাল-হলুদের মেয়েরা। এ বার লক্ষ্য ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL) খেতাব ধরে রাখা। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচেই তিন বারের চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি-কে (Gokulam Kerala FC) ১-০ গোলে হারাল গত বারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পর সংযোজিত সময়ে গোল করে ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দিলেন ফাজ়িলা ইকওয়াপুট (Fazila Ikwaput)।

মহিলাদের ক্লাব ফুটবলে গত কয়েক মরশুমে ধারাবাহিক ভাবে নিজেদের শক্তি প্রমাণ করেছে ইস্টবেঙ্গল। গত মরশুমে মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর এ বার AFC মহিলা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের সেই আত্মবিশ্বাস নিয়েই IWL-এর নতুন মরশুম শুরু করল অ্যান্থনি অ্যান্ড্রুজ়ের (Anthony Andrews) দল। প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে খেতাব ধরে রাখার লড়াইয়েও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল লাল-হলুদ।

IWL-এ ইস্টবেঙ্গল বনাম গোকুলম ম্যাচের ছবি।

প্রথমার্ধে একাধিক সুযোগ, গোলের দেখা পেল না ইস্টবেঙ্গল

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ তৈরি করছিলেন সুলঞ্জনা রাউলরা। লাল-হলুদের আক্রমণে ওঠার দক্ষতা নজর কাড়ে। তবে গোকুলম কেরালার রক্ষণও ছিল বেশ সংগঠিত। ফলে শুরুতে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল।

২০ মিনিটে ফাজ়িলার পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন হেমাম সিল্কি দেবী। কিন্তু তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এর ছ'মিনিট পর সিল্কি দেবীর পাস ধরে গোলের দিকে এগিয়ে যান রেস্টি নানজ়িরি। তবে গোকুলমের গোলকিপার শ্রেয়া হুডা দারুণ সেভ করে ইস্টবেঙ্গলের সেই আক্রমণ আটকে দেন। প্রথমার্ধে দুই দলই গোল করতে না পারায় বিরতিতে খেলার ফল ছিল ০-০।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ, পোস্টে লাগল হেড

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে গতি বাড়ায় গোকুলম কেরালা। শিলজি শাজির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। উইং ধরে ইস্টবেঙ্গলের রক্ষণে চাপ তৈরি করেন ভ্যানেসা এমবিনহো চিকুপিলা। তবে কিছুক্ষণের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেয় লাল-হলুদ।

লোইটংবাম আশালতা দেবীর কর্নার থেকে হেড করেছিলেন নওরেম প্রিয়াঙ্কা দেবী। কিন্তু তাঁর হেড পোস্টে লেগে ফিরে আসে। গোলের এত কাছে পৌঁছেও হতাশ হতে হয় ইস্টবেঙ্গলকে।

IWL-এ ইস্টবেঙ্গল বনাম গোকুলম ম্যাচের ছবি।

ফাজ়িলাও গোলকিপারকে এগিয়ে আসতে দেখে চিপ করে বল জালে জড়ানোর চেষ্টা করেন। কিন্তু সেই প্রচেষ্টাও সফল হয়নি। এর পর কায়েনপাইবাম অঞ্জু চানুর শট থেকে গোলের সুযোগ তৈরি হলেও শ্রেয়া হুডার অসাধারণ সেভে তা আটকে যায়।

ইনজুরি টাইমে ফাজ়িলার গোলে তিন পয়েন্ট

ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও গোলের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যায় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ইনজুরি আসে কাঙ্ক্ষিত গোল। রিম্পা হালদারের পাস ধরে বল নিয়ে গোলের দিকে এগিয়ে যান ফাজ়িলা। সামনে শ্রেয়া হুডাকে পেয়েও ভুল করেননি তিনি। গোলকিপারকে পরাস্ত করে বল জালে পাঠিয়ে দেন উগান্ডার এই ফরোয়ার্ড। তাঁর ওই গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইস্টবেঙ্গলের।

AFC মহিলা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পর IWL-এর প্রথম ম্যাচেও জয়। আন্তর্জাতিক সাফল্যের পর ঘরোয়া লিগেও নিজেদের আধিপত্য ধরে রাখার বার্তা দিল অ্যান্থনি অ্যান্ড্রুজ়ের দল।

Lading . . .