Advertisement

AIFF-এর নির্বাচনে চার আসনের জন্য লড়াই ন’জন প্রাক্তন ফুটবলারের, কারা রয়েছেন এই তালিকায়?

এই সময়

প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬

ফেডারেশনের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে।,ছবি: AIFF
ফেডারেশনের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে।,ছবি: AIFF

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) গুরুত্বপূর্ণ নির্বাচনে এ বার লড়াইয়ে রয়েছেন ন’জন প্রাক্তন ফুটবলার। ২৩ নভেম্বর AIFF-এর ‘স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ (SOM) পদে নির্বাচন হবে। চারটি আসনের জন্য লড়বেন পাঁচ জন মহিলা ও চার জন পুরুষ ফুটবলার। এই নির্বাচনে জয়ী চার জন জায়গা পাবেন AIFF-এর সাধারণ সভায়। তাঁদের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা সদস্য ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতেও যোগ দেবেন।

৪০ জনের তালিকা থেকে লড়াইয়ে মাত্র ৯ জন

ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট, ২০২৫ এবং ২০২৬ সালের সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, AIFF-এর সাধারণ সভায় SOM পদে দু’জন পুরুষ ও দু’জন মহিলা সদস্য থাকবেন। তাঁদের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা সদস্য এক্সিকিউটিভ কমিটিতেও জায়গা পাবেন। এই নিয়ম মেনেই চলতি মাসের শুরুতে ২০ জন পুরুষ এবং ২০ জন মহিলা প্রাক্তন ফুটবলারের তালিকা প্রকাশ করেছিল AIFF।

পুরুষদের তালিকায় ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) এবং আই এম বিজয়ন (IM Vijayan)। মহিলাদের তালিকায় ছিলেন ওনাম বেমবেম দেবী (Oinam Bembem Devi) এবং আশালতা দেবী (Ashalata Devi)। তবে প্রাথমিক তালিকায় ৪০ জনের নাম থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ন'জন। তাঁদের মধ্যে পাঁচ জন মহিলা এবং চার জন পুরুষ।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হাউসের ছবি।

কারা রয়েছেন নির্বাচনের লড়াইয়ে?

AIFF-এর প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, পুরুষদের বিভাগে রয়েছেন শরাফ আলি (U. Sharaf Ali), জো পল আঞ্চেরি (Jo Paul Anchery), ব্রুনো কুটিনহো (Bruno F. Coutinho) এবং মুস্তাক আলি (Mushtaque Ali)। মহিলাদের বিভাগে লড়াই করছেন ওনাম বেমবেম দেবী, শুক্লা দত্ত (Sukla Dutta), বেনতলা ডি'কথ (Bentla D’Coth), কল্পনা দাস (Kalpana Dass) এবং শ্রদ্ধাঞ্জলি সামন্তরায় (Sradhanjali Samantaray)।

তবে এই তালিকা থেকে নাম প্রত্যাহার করতে চেয়েছিলেন শ্রদ্ধাঞ্জলি সামন্তরায় এবং শরাফ আলি। কিন্তু তাঁদের আবেদন খারিজ করে দিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক রাজীব শর্মা (Rajeev Sharma)। শ্রদ্ধাঞ্জলি ভারতের মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। ওডিশা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ও জুনিয়র মহিলা দলের নির্বাচক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।

অন্য দিকে, শরাফ আলি কেরল স্টেট স্পোর্টস কাউন্সিলের প্রাক্তন সভাপতি। লিওনেল মেসি (Lionel Messi) এবং আর্জেন্তিনা (Argentina) জাতীয় দলের প্রস্তাবিত কেরল সফরকে ঘিরে স্পনসরশিপ জালিয়াতির অভিযোগে সম্প্রতি তাঁর নাম জড়িয়েছিল।

কেন মনোনয়ন প্রত্যাহারের আবেদন খারিজ?

দু'জনের আবেদন খারিজ করার কারণও জানিয়েছেন নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা। তাঁর নির্দেশে বলা হয়েছে, ‘উল্লিখিত দুই প্রার্থীই মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেওয়া এবং তা যাচাই করানোর জন্য ব্যক্তিগত ভাবে আমার সামনে হাজির হননি। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদনগুলির সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি। সেই কারণেই তাঁদের আবেদন গ্রহণ করা যায়নি।’

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হাউসের ছবি।

এই নির্বাচনে চার জন সাধারণ সভার সদস্য হিসেবে নির্বাচিত হবেন। তাঁদের মধ্যে এক জন পুরুষ এবং এক জন মহিলা সদস্য AIFF-এর এক্সিকিউটিভ কমিটিতেও জায়গা পাবেন। আগামী ২০ ডিসেম্বর AIFF-এর এক্সিকিউটিভ কমিটির নির্বাচন হওয়ার কথা।

FAQ

প্রশ্ন: AIFF-এর SOM নির্বাচন কবে হবে?

উত্তর: ২৩ নভেম্বর এই নির্বাচন হবে।

প্রশ্ন: SOM নির্বাচনে কতগুলি আসনের জন্য লড়াই হচ্ছে?

উত্তর: মোট চারটি আসনের জন্য লড়াই হচ্ছে। দু’টি পুরুষ এবং দু’টি মহিলা আসন।

প্রশ্ন: চূড়ান্ত তালিকায় কত জন প্রাক্তন ফুটবলার রয়েছেন?

উত্তর: মোট ন’জন। তাঁদের মধ্যে পাঁচ জন মহিলা এবং চার জন পুরুষ।

প্রশ্ন: ভাইচুং ভুটিয়া ও আইএম বিজয়ন কি নির্বাচনে লড়ছেন?

উত্তর: না। তাঁদের নাম প্রাথমিক তালিকায় থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেননি।

প্রশ্ন: দু’জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের আবেদন কেন খারিজ হয়েছে?

উত্তর: নির্দিষ্ট নিয়ম মেনে তাঁদের আবেদন যাচাই করা সম্ভব হয়নি। তাই আবেদন খারিজ করেছেন নির্বাচনী আধিকারিক।

প্রশ্ন: AIFF-এর এক্সিকিউটিভ কমিটির নির্বাচন কবে?

উত্তর: ২০ ডিসেম্বর এই নির্বাচন হওয়ার কথা।

Lading . . .