মেয়েকে নিয়ে দুর্গম ট্রেকিংয়ে ভাইচুং ভুটিয়া, বললেন, ‘আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত’
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬

অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়
সবুজ ঘাসে বল পায়ে বহু কীর্তির ‘নায়ক’ তিনি। তাঁকে ধরতে কালঘাম ছুটে যেত প্রতিপক্ষ ডিফেন্ডারদের। ভারতীয় ফুটবলের ‘আইকন’ ভাইচুং ভুটিয়া এ বার একেবারে অন্য ভূমিকায়। ট্রেকিং করে পৌঁছে গিয়েছিলেন দেশের অন্যতম দুর্গম পিক গোয়েচ লা। যার উচ্চতা, প্রায় ৪৯৮০ মিটার বা ১৬,৫০০ ফুট। পশ্চিম সিকিমের অন্যতম আকর্ষণীয় ট্রেকিং রুট।
ঘরে ফিরেছেন দিন দু’য়েক। এখনও মজে রয়েছে অ্যাডভেঞ্চারে।
ভাইচুং এর আগেও একবার ট্রেক করেছিলেন। সেটা ছিল লাদাখে। কিন্তু, এবারটা তাঁর কাছে স্পেশ্যাল। তার কারণ, এই ট্রেকে তাঁর সঙ্গে ছিলেন মেয়ে কেইশা। সিকিম থেকে ফোনে ভাইচুং হেসে বললেন, ‘মেয়ের জেদেই আমাকে বলতে গেলে এই ট্রেকটা করতে হলো। ও খূুবই অ্যাডভেঞ্চার প্রিয়। এর আগে সিকিমের মধ্যে দু-একবার ছোটখাটো ট্রেক করেছি মেয়েকে নিয়ে। কিন্তু এ বার খুবই কঠিন পথ বেছে নিয়েছিলাম।’
গোয়েচ লা-কে ভারতের অন্যতম কঠিন ট্রেকিং রুট বলে ধরা হয়। তার জন্য যথেষ্ট প্রস্তুতি লাগে। কিছুটা ট্রেনিংও লাগে। সবচেয়ে বড় কথা, ফিটনেস। ৫০ পার করলেও ভাইচুংয়ের ফিটনেস নিয়ে প্রশ্ন নেই। আর মেয়ের বয়স তো মাত্র ১৬। সেই সঙ্গে এই ট্রেকে ছিলেন আরও কয়েকজন। এই পিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অনেকটা সামনে থেকে এবং ঝকঝকে। সেই কারণেই, বিপদ জেনেও পর্বোতারহীরা ছুটে যান।
ভাইচুং বলছিলেন, ‘মেয়ে খুব ভালো ভাবে গাইড করেছে। শেষের দিকটা খুবই দুর্গম ছিল। বিশেষ করে শেষের চার-পাঁচ কিলোমিটার। একটু অসতর্ক হলেই বিপদের আশঙ্কা। কিন্তু আমরা খুব ভালোভাবে ফিরতে পেরেছি। আবারও বলছি, আমার কাছে এটা স্পেশ্যাল। কারণ, মেয়ের সঙ্গে ট্রেক করলাম।’
ফোনের টাওয়ার ছিল না। অন্ধকার দুর্গম পথ। তবে পিকে পৌঁছে সব ক্লান্তি কেটে গিয়েছিল। সেখানে ভারতরে পতাকা যেমন উড়িয়েছেন ভাইচুং, তেমনই ইস্টবেঙ্গলের এক ফ্যান্স ক্লাব লাল-হলুদ পতাকাও সেখানে তুলে দেন ভাইচুংয়ের হাতে। যা তাঁর কাছে এক অনন্য অনুভূতি।
আপাতত, সিকিমের বাড়িতেই কিছুদিন থাকবেন ভাইচুং। শিলিগুড়িতে বিশাল রেস্তোরাঁ রয়েছে তাঁর। তার পরে কলকাতায় আসবেন।
ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান অবস্থা নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেন, ‘আমি তো অনেক আগেই বলে দিয়েছিলাম, বড় সমস্যা হতে চলেছে। দেখলেন তো ব্রাজিল-উরুগুয়েকে এনে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। এর জবাব ফেডারেশনকেই দিতে হবে।’


