Advertisement

গোলের ঠিকানা চেনা সেই দেবাশিস এখন ঠিকানাহীন

এই সময়

প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬

দেবাশিস রায়,নিজস্ব ছবি
দেবাশিস রায়,নিজস্ব ছবি

অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়

ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলে র বিরুদ্ধে করা তাঁর গোল আজও ফুটব‍লপ্রেমীদের স্মৃতিতে টাটকা। পরের বছরে সেই ডুরান্ড সেমিফাইনালে সবুজ মেরুন জার্সিতে আবারও ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে ছিলেন তিনি। আটের দশকে ভারতীয় ফুটবলে বিদেশিদের দাপটের মাঝে দু’বার কলকাতা লিগের সর্বোচ্চ স্কোরার। এত কিছুর পরেও সেই ফুটবলারকে আজ খুঁজতে হচ্ছে মাথা গোঁজার ঠাঁই!

কখনও গুয়াহাটিতে স্টেডিয়াম সংলগ্ন খুপরি ঘরে, কখনও কোনও ক্লাবের বদ্যানতায়, আবার কখনও প্রিয় শহর কলকাতাতে এসেও থাকতে হচ্ছে বন্ধুদের আশ্রয়ে। আর্থিক অবস্থাও বেশ করুণ। এক সময়ে ময়দান কাঁপানো স্ট্রাইকার দেবাশিস রায়ের এমন পরিণতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অনেক কিছু!

এক সময় ইস্টবেঙ্গল-মোহনবাগানের গোলমেশিন, আজ মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন দেবাশিস রায়
এক সময় ইস্টবেঙ্গল-মোহনবাগানের গোলমেশিন, আজ মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন দেবাশিস রায়

আসামের ফুটবলার দেবাশিস কলকাতায় খেলতে এসেছিলেন আটের দশকের শুরুতে। তার আগে বাংলার হয়ে খেলেছিলেন সন্তোষ ট্রফি। লাল হলুদ জার্সিতে দেবাশিস চিনিয়েছিলেন নিজেকে। সব মিলিয়ে চার বছরে ৬৬ গোলের পাশাপাশি ১৯৮৪ সালে ২২ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা। মোহনবাগানে চার বছরে দেবাশিস রায় করেছিলেন ৩৬ গোল। ১৯৮৬ সালে ১৪ গোল করে আবারও লিগের সবচেয়ে বেশি গোলের ‘নায়ক।’ এমেকা এজুগোর সঙ্গে যুগ্ম ভাবে। যে এমেকা পরে বিশ্বকাপ খেলেছিলেন নাইজিরিয়ার হয়ে। ক্লাবের জার্সিতে দেশের প্রায় সব বড় ট্রফি জেতার পাশাপাশি খেলেছিলেন দেশের জার্সিতেও।

চাকরিও করতেন এফসিআই–তে। অলোক মুখোপাধ্যায়, কৃশানু দে, বিকাশ পাঁজিদের সঙ্গে। তার পরে কী হলো? খেলা ছেড়ে, এত ভালো চাকরি ছেড়ে কেন হারিয়ে গেলেন?

কালীপুজোয় কলকাতার বিজয়গড়ে এসেছেন দেবাশিস। বললেন, ‘পুজোর পরে আবার গুয়াহাটি ফিরে যাব। ওখানে একটা ক্লাব আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে।’ অভিমানের সুরে বললেন, ‘কেউ মনে রাখেনি আমাকে! আমিও কারও কাছে কিছু চাই না।’ খোঁজ নিয়ে জানা গেল, টাকা–পয়সা আর কিছুই প্রায় নেই। গুয়াহাটিতে আগে এক ক্লাবে ফুটবল কোচিং করাতেন। সেখানেই থাকেন কোনওরকমে।

কোনও এক কারণে আচমকা এফসিআইয়ের চাকরি ছেড়ে দিয়েছিলেন দেবাশিস। এর পরেই বিপত্তি। সতীর্থ অলোক মুখোপাধ্যায়ের কথায়, ‘ওকে অনেক বুঝিয়েছিলাম। আমাদের কথায় আবার চাকরিতে ফিরেছিল। কিন্তু, কী যে মতিভ্রম হলো জানি না! আমি, ভাস্করদা, মিহিরদা যোগাযোগ রাখি। ওর অবস্থা ভালো নয়, এটাও জানি।’ অলোক জুড়ছেন, ‘অসাধারণ স্ট্রাইকার ছিল দেবাশিস। বল পায়ে ওই রকম গতি আমি আর কারও মধ্যে দেখিনি। গোলের সামনে ভয়ঙ্কর। কোচেদের খুব পছন্দের ছিল।’

এক সময় ইস্টবেঙ্গল-মোহনবাগানের গোলমেশিন, আজ মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন দেবাশিস রায়

এক সময়ে ডিফেন্ডারদের ত্রাস নিজেই এখন অসহায়। তবু মুখ ফুটে সরাসরি সাহায্য চাইতে পারেন না। জেগে ওঠে ফুটবলারের আত্মমর্যাদা। যে ক্লাবের হয়ে এত সাফল্য, তাঁরা কি এগিয়ে আসবেন? বর্তমান রাজ্য সরকার প্রাক্তন ফুটবলারদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। দেবাশিস রায় কি ফিরে পাবেন তাঁর পুরোনো গৌরব?

FAQ

১. দেবাশিস রায় কে?

দেবাশিস রায় আসামের প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ফুটবলার। তিনি ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন।

২. দেবাশিস রায় কোন কোন ক্লাবে খেলেছেন?

তিনি ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংয়ের পাশাপাশি আসামের গুয়াহাটি টাউন ক্লাব ও নবজ্যোতি ক্লাবের হয়েও খেলেছেন।

৩. দেবাশিস রায় কতবার কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন?

প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৪ ও ১৯৮৬ সালে দু’বার।

৪. দেবাশিস রায় বর্তমানে কোথায় থাকেন ?

প্রতিবেদন অনুযায়ী, তিনি কখনও গুয়াহাটিতে ক্লাবের দেওয়া আশ্রয়ে থাকেন, কখনও কলকাতায় বন্ধুদের কাছে থাকেন।

৫. দেবাশিস রায়ের আর্থিক সহায়তায় আগে কোনও উদ্যোগ নেওয়া হয়েছিল?

হ্যাঁ। ২০২১ সালে Association of Assam Football Coaches তাঁর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিল।

আরও পড়ুন

Lading . . .