Advertisement

এগিয়ে গিয়ে চার গোল হজম, ছেলেদের পর এশিয়ার মঞ্চে হার ইস্টবেঙ্গল মেয়েদেরও

এই সময়

প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬

ব্যর্থ হলো লড়াই,ছবি: East Bengal FC,প্রথম গোলের পর ইস্টবেঙ্গলের সেলিব্রেশন
ব্যর্থ হলো লড়াই,ছবি: East Bengal FC,প্রথম গোলের পর ইস্টবেঙ্গলের সেলিব্রেশন

ইস্টবেঙ্গলের পুরুষ দল ACL টু-র গ্রুপ পর্বে ধুঁকছে। একটিও ম্যাচ না জিতে কার্যত ছিটকে যাওয়ার পথে। এই পরিস্থিতিতে ভরসা ছিল মহিলা দল। বিদেশি দলের বিরুদ্ধে টানা ম্যাচ জয়ে এশিয়ার মঞ্চে আশার আলো দেখেছিলেন লাল হলুদ সমর্থকরা। কিন্তু দক্ষিণ কোরিয়ার হাচিওন কেএসপিও-র কাছে ৪-১ গোলে হেরে এশিয়ান স্বপ্ন বড় ধাক্কা খেল।

শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল

গত মরশুমে মহাদেশীয় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলা হেভিওয়েট দলকে রুখে দিয়ে সূচনা করেছিল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। কিন্তু ফুটবলের এশিয়ান আঙিনায় শক্তির ব্যবধান যে কতটা পার্থক্য তৈরি করতে পারে, তা আরও একবার হাড়ে হাড়ে টের পেলেন মশাল গার্লসরা। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AWCL) হাই-ভোল্টেজ গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার দল হাচিওন কেএসপিও-র মুখোমুখি হয়েছিল লাল-হলুদ। শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত বিরতির পর রক্ষণের বিপর্যয়ে ম্যাচ খোয়াতে হলো তাদের। দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে ম্যাচ হাতছাড়া হওয়ায় নকআউট পর্বে যাওয়ার রাস্তা অত্যন্ত কঠিন হয়ে পড়ল ইস্টবেঙ্গলের জন্য।

ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে শুরু থেকেই ইতিবাচক ফুটবল খেলছিলেন রেস্টি নাঞ্জিরিরা। কোরিয়ানরা বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও পাল্টা আক্রমণে নজর কাড়ে ইস্টবেঙ্গল। ডিফেন্সে একাধিকবার বিপদের সম্ভাবনা তৈরি হলেও তা ঠাণ্ডা মাথায় সামাল দেন আনোমা ওপোকুরা। টানটান উত্তেজনার মধ্যেই ১৭তম মিনিটে আসে সেই ম্যাজিক মোমেন্ট। মাঝমাঠ থেকে একা বল টেনে নিয়ে গিয়ে বিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানান উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকুয়াপুট। একক দক্ষতায় নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দেন তিনি (১-০)।

প্রথম গোলের পর ইস্টবেঙ্গলের সেলিব্রেশন

তবে পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে হাচিওন। গতি ও উইং প্লে দিয়ে বারবার চাপ বাড়াতে থাকে তারা। ২৫ মিনিটের মাথায় বক্সের ঠিক বাইরে থেকে একটি বিতর্কিত ফ্রি-কিক পায় হাচিওন। সেই ফ্রি-কিক থেকেই চমৎকার শটে গোল শোধ করে দেয় দক্ষিণ কোরিয়ার দলটি। ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ছন্দপতন

কিন্তু বিরতির পর মাঠের চিত্রনাট্য সম্পূর্ণ বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দ হারিয়ে ফেলে লাল-হলুদের ডিফেন্ডাররা। ৫১ মিনিটের মাথায় বক্সের ভেতর ফাউল করে পেনাল্টি উপহার দেয় ডিফেন্স। স্পট কিক থেকে গোল করে হাচিওনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কোরিয়ান ফরোয়ার্ড। এই গোলের রেশ কাটতে না কাটতেই মাত্র পাঁচ মিনিটের মাথায় অর্থাৎ ৫৬ মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ফাঁকফোকর কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করে ফেলে হাচিওন। সেখানেই মূলত বুধবারের ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ম্যাচের বাকি সময় আর খেলায় ফিরতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। উল্টে শেষের দিকে রক্ষণকে পরাস্ত করে ব্যবধান আরও বাড়িয়ে নেয় কোরিয়ান দলটি।

গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল ২৫ এসসি-র বিরুদ্ধে, যারা এই গ্রুপে হাচিওনকেও হারিয়েছে। ফলে শীর্ষ দুইয়ে থেকে নকআউটে পা রাখা অসম্ভব বলেই মনে হচ্ছে। তবে আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি; কারণ এখানে সেরা তৃতীয়স্থান হিসেবে শেষ করলে নকআউটে যেতে পারবেন সুলঞ্জনারা।

Lading . . .